বেতন-বোনাসের টাকা ছিনতাইয়ের খবর শুনে গতকাল রোববার বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন রাজধানীর হাতিরপুলের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে পাঠানো হয়।
‘টিএস ফ্যাশনস লিমিটেড’ নামের পোশাক কারখানাটি হাতিরপুলে মোতালিব প্লাজার পাশে অবস্থিত। শ্রমিকবিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় যানজট তৈরি হয়।
কয়েকজন শ্রমিক জানান, গতকাল তাঁদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের হঠাৎ বলা হয়, বেতন-বোনাসের টাকা নিয়ে আসার সময় পরীবাগ এলাকায় ছিনতাই হয়ে গেছে। এ কথা শুনে তাঁরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পুলিশের পাশাপাশি বহিরাগতরাও তাঁদের ওপর হামলা চালায় বলে তাঁরা অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে শতাধিক শ্রমিক সড়কে নেমে বেতন-বোনাস দেওয়ার দাবিতে মিছিল শুরু করেন। কয়েকজন শ্রমিক যানবাহনে ভাঙচুর চালান। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের লক্ষ্য কাঁদানে গ্যাস ছোড়ে। বহিরাগতরাও শ্রমিকের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। দেড় ঘণ্টা ধরে এ পরিস্থিতি চলে। কারখানার মালিকপক্ষ শ্রমিকদের ভেতরে ঢুকিয়ে বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
টিএস ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশারফ হোসেন প্রথম আলোকে জানান, তিনি গতকাল মতিঝিলের একটি বেসরকারি ব্যাংক থেকে শ্রমিকদের বেতন-বোনাস বাবদ ৩০ লাখ টাকা তুলে কারখানার পরিচালক মোজাম্মেল হককে হস্তান্তর করেন। পরিচালক নিজের গাড়িতে কারখানায় আসার পথে পরীবাগ এলাকায় সাত-আটজন বাইসাইকেল আরোহী তাঁর গতিরোধ করে। তাঁকে ও গাড়ির চালককে ককটেল দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। কারখানার কর্মকর্তাদের থানায় ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হবে।’