বেতন-বোনাসের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে আজ বুধবার গাজীপুর সদরের বাসন সড়ক এলাকায় ট্রেডমার্ক ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানান। ছবি: মাসুদ রানা, গাজীপুর
দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে আজ বুধবার গাজীপুর সদরের বাসন সড়ক এলাকায় ট্রেডমার্ক ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানান। ছবি: মাসুদ রানা, গাজীপুর

দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাসনসড়ক এলাকায় আজ বুধবার ট্রেডমার্ক ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন।
গত মঙ্গলবার বিকেল থেকে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেডমার্ক ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের গতকাল বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু  কারখানার  মালিক বেতন  না  দিয়ে সন্ধ্যার পর থেকে তাঁর মোবাইল  বন্ধ রাখেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সন্ধ্যার পরও দাবি পূরণ না হওয়ায় রাতে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। এখনো তাঁরা সেখানে কর্মবিরতি অব্যাহত রেখে বিক্ষোভ করছেন। কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
কয়েকজন শ্রমিক নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, তাঁরা জুন ও জুলাই মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কয়েক দফায় তারিখ দিয়েও বেতন দেওয়া হয়নি। তাই বেতনের টাকা নিয়ে তাঁরা চাকরিও ছাড়তে পারছেন না। সামনে ঈদ উদযাপনে তাঁদের টাকার দরকার। বেতন না হওয়ায় তাঁরা ঘর ভাড়াও দিতে পারছেন না। এতে পরিবার নিয়ে গ্রামেও যেতে পারছেন না তাঁরা।

শ্রমিকেরা জানান, তাঁরা ভাঙচুর করতে চান না। তাঁরা বেতন-বোনাস চান।

এই প্রতিবেদক কারাখানার মালিকের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পেয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন  জানান, শ্রমিকেরা শান্তভাবে আন্দোলন করছেন। এতে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে।