বকেয়া বেতন প্রদান ও উপাচার্যের ফিরে আসার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন বেতন-বোনাস না পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলীর দেওয়া তথ্যমতে, ১৮ মাস ধরে বেতন-বোনাস না পাওয়া ১৫২ জন কর্মকর্তা-কর্মচারী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের সব কক্ষে তালা দেন। এ সময় তাঁরা কর্মরত প্রায় ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে।
৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ১৯টি পদ থেকে পদত্যাগ করেন। ওই ঘটনার দিন রাতে উপাচার্য এ কে এম নূরু উন-নবী সপরিবারে ঢাকায় চলে যান।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা সেকশন অফিসার (গ্রেড-২) ওবায়দুর রহমান বলেন, ‘বকেয়া বেতন-বোনাসের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। উপাচার্য মহোদয় এ সমস্যার সমাধান না করে ঢাকায় চলে গেছেন। আমরা প্রত্যাশা করি, তিনি দ্রুত ফিরে আসবেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
উপাচার্য ফিরে এসে আন্দোলনকারীদের সমস্যা সমাধান না করা পর্যন্ত তালা খুলতে দেওয়া হবে না বলে জানান ওবায়দুর রহমান।
তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলীর দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ আলম জানান, আজ আরও চারজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আটটি পদ থেকে পদত্যাগ করেছেন।