বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জের দুটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে। গতকাল বুধবার দুপুরে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয়ের সামনে শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, ২৬ রোজা পার হলেও তাঁদের বকেয়া বেতন ও বোনাস দেওয়া হয়নি। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল জানান, ফতুল্লার কাশিপুর এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা একসিলেন্ট গার্মেন্টস ও শহরের রিভারভিউ মার্কেটে অর্জন ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের দুই মাসের পাওনা বকেয়া রয়েছে। ২৬ রোজা পার হলেও পাওনা পরিশোধ করতে মালিকপক্ষ টালবাহানা করছে। মাহবুবুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো শ্রমিক বকেয়া বেতন ও বোনাসের কারণে ঈদ করতে না পারলে সেই কারখানার মালিকদের বাড়ি ঘেরাও করে তাঁদের ঈদ করতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শ্রমিকেরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। মলিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।