বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এআরএইচ নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মাসের ২০ তারিখের মধ্যেই জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা সময়মতো পরিশোধ করেনি। সে কারণে এআরএইচ নিট কম্পোজিট লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিক আলমগীর হোসেন জানান, গত জুলাই মাসের বেতন চলতি মাসের ১৫ তারিখে পরিশোধ এবং ২০ তারিখ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানার কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। তাই শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, বেতন-বোনাসের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। কারখানার পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।