বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বেতন-ভাতা ও ঈদ বোনাসসহ ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার সামনে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহত লোকজনের স্বজনেরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। পুলিশের হামলা এড়াতে আজ মঙ্গলবার বিকেল থেকে তাঁরা এই নতুন কৌশল বেছে নিয়েছেন। এদিকে বেতন-বোনাস পরিশোধ না করায় সীতাকুণ্ডের বাড়বকুরে আনোয়ারা জুট মিলস নামের একটি পাটকল কারখানার শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত অবরোধ চলেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
সাভার
রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহত লোকজনের স্বজনেরা বেতন, বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে গত রোববার ও সোমবার মিছিল বের করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে কমপক্ষে ৪৫ জন আহত হন। পরে বেলা তিনটার দিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা রানা প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু পুলিশ কাঁটাতারের ঘেরের ভেতরে তাঁদের প্রবেশ করতে দেয়নি। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক ও কাঁটাতারের বেড়ার মধ্যে বসে পড়েন। এই কর্মসূচিতে দুই শতাধিক মানুষ অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য তাঁবু ও আলোর ব্যবস্থা করা হয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার ও আশুলিয়ার সাধারণ সম্পাদক খাইরুল মামুন বলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত অধিকাংশ শ্রমিকের ঘরেই এবার ঈদের দিন চুলা জ্বলবে না। কাজ করার সামর্থ্য হারানোর কারণে তাঁরা উপার্জনহীন হয়ে পড়েছেন। বারবার দাবি জানানোর পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
সীতাকুণ্ড
ঈদ উপলক্ষে আজ সোমবার সীতাকুণ্ডের বাড়বকুরে আনোয়ারা জুট মিলস নামে একটি পাটকল কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না করে আরও এক দিন সময় নেয়। আজও বেতন ও বোনাস না দেওয়ায় শ্রমিকেরা বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। সাড়ে ছয়টার দিকে অবরোধ তুলে নেন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়ি উপপরিদর্শক মো. আলমগীর হোসেন এ ঘটনা নিশ্চিত করেন।