বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ও কাঁচপুরে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রমিকেরা জানান, আনন্দ শিপইয়ার্ড কারখানায় বকেয়া বেতনের দাবিতে গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। এদিকে কাঁচপুর এলাকায় ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা ১০ শতাংশ বোনাসের দাবিতে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করেন।

আনন্দ শিপইয়ার্ডের শ্রমিক ওহিদ মিয়া বলেন, ‘তিন মাস ধরে বেতন না পাওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। মালিকপক্ষ বেতন না দিয়ে বারবার টালবাহানা করছে। তাই আমরা বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছি।’

আনন্দ শিপইয়ার্ডের শ্রমিক শামীম হোসেন বলেন, ‘আমরা বকেয়া বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। মালিকপক্ষ কয়েকবার বেতন দেওয়ার কথা বললেও তারা কথা রাখেনি।’

আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) রিয়াজুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। আমরা দাবি মেনে নিলে তাঁরা আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেন।’

ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ১০ শতাংশ বোনাসের দাবি করলেও মালিকপক্ষ দিই-দিচ্ছি করে টালবাহানা করছে।’ আরেক শ্রমিক পারুল বেগম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকেরা বিনা কারণে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়।’

ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা কর্নেল (অব.) দেলোয়ার হোসেন বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী আমরা শ্রমিকদের ৫ শতাংশ বোনাস পরিশোধ করে আসছি। কিন্তু তাঁরা অযৌক্তিকভাবে ১০ শতাংশ বোনাস দাবি করছেন। আমরা এ প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা কারখানার অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা ছুটি ঘোষণা করা হয়।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক বলেন, কাঁচপুর ও মেঘনা এলাকায় কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় তাঁরা মহাসড়কে নামতে পারেননি।