বেতন-বোনাসের দাবিতে সমাবেশ
গাজীপুরে আসওয়াদ কম্পোজিট গার্মেন্টসে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হওয়ার প্রতিবাদ ও ঈদের আগে সব গার্মেন্টসে বেতন-বোনাসের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যুর জন্য সরকার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। রানা প্লাজা ভবন ধসে সঞ্চরণকালের ভয়াবহ ঘটনায় এক হাজার ১৩৩ জনের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার শ্রমিক আহত ও পঙ্গু হয়ে যায়। সরকার, বিজিএমইএ, বিকেএমইএ এসব ঘটনার তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার করলে গাজীপুরে আবার অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটত না।
বিজিএমইএ গাজীপুরের আসওয়াদ গার্মেন্টসকে কমপ্লাইনস ফ্যাক্টরি দাবি করলেও বাস্তবে এগুলো কাগজে-কলমে। প্রকৃতপক্ষে ওই কারখানায় ফায়ার সেন্সর থাকলে কোনো প্রাণহানি ঘটত না।
বক্তারা রানা প্লাজায় ও তাজরীনে অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং ঈদের আগে সব গার্মেন্টসে বেতন-বোনাস পরিশোধ ও আট হাজার টাকা ন্যূনতম মজুরি প্রদানের দাবি জানান।