বেতন বোর্ড গঠনের দাবিতে ২৮ মার্চ সাংবাদিক সমাবেশ
অষ্টম বেতন বোর্ড গঠনের দাবিতে ২৮ মার্চ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ এবং ওই দিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সংবাদপত্র ও সংবাদ সংস্থায় প্রতীক ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন ও সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত ইউনিট ও ইউনিয়ন কর্মকর্তাদের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ এবং তথ্যমন্ত্রীর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন বোর্ড গঠনের ঘোষণা দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এ-সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এ সময় আরও বলা হয়, তথ্যমন্ত্রী এবং মালিক সংগঠন নোয়াবের অসহযোগিতার কারণে বেতন বোর্ড গঠিত না হওয়ায় সাংবাদিক সমাজ ও সংবাদপত্রশিল্পের কর্মীরা ক্ষুব্ধ।সভা থেকে ১৯৭৪ সালে জাতীয় সংসদে গৃহীত আইন অনুযায়ী অষ্টম বেতন বোর্ড গঠনের আদেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়। ২৮ মার্চের মধ্যে অষ্টম বেতন বোর্ড গঠনের ঘোষণা না দেওয়া হলে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ও সংবাদপত্রশিল্পে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভুঁইয়া, শওকত মাহমুদ, ওমর ফারুক, বাকের হোসেন, শাবান মাহমুদ, আলমগীর হোসেন, কামাল উদ্দিন, মতিউর রহমান তালুকদার ও মোহাম্মদ খায়রুল ইসলাম বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।