বেতন-ভাতা আছে, কিন্তু কার্যালয় ও কাজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার প্রায় সব কটি কার্যালয়ে তালা ঝুলছে। বাসাবাড়িতে করা কার্যালয়গুলোতে যেন দাবি আদায়ের জন্য কর্মবিরতি চলছে। অলসভাবে ঘুরে বেড়ানো কয়েকজন কর্মচারী বলেছেন, ‘স্যার ট্রেনিংয়ে।’ কেউ বলেছেন, ‘স্যার গোছলে গেছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কার্যালয়ের তালা খোলা, কিন্তু মানুষ নেই। গত মঙ্গলবার বেলা পৌনে ১১টায় বান্দরবানের থানচি উপজেলা পরিষদে গিয়ে এ রকম দৃশ্য দেখা গেছে। উপজেলার স্থানীয় লোকজন বলেছেন, কাগজে-কলমে উপজেলায় সরকারি সব বিভাগ ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কিন্তু তাঁদের কোনো কার্যালয় নেই। মাসের শেষে এসে বাসাবাড়িতে (ডরমেটরি) বসে তাঁরা কী কাজ করেন এবং কী কাজের জন্য বেতন-ভাতা নিয়ে আবার সারা মাস অদৃশ্য হয়ে যান, তা কারও জানা নেই। ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মেজবাহ উদ্দিন বলেছেন, উপজেলা পরিষদ ভবনসহ উপজেলার সরকারি কোনো বিভাগের কার্যালয় নেই। এ জন্য জরাজীর্ণ ডরমেটরিগুলোতে একসঙ্গে বসবাস ও দাপ্তরিক কাজ করেন। কোনো কাজকর্ম না থাকা ও অফিসগুলোতে তালা ঝোলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অফিস না থাকতে পারে, কিন্তু কাজকর্ম সবকিছু ঠিকঠাকমতো চলছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের না থাকার ব্যাপারে তিনি মন্তব্য করতে চাননি। উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেছেন, থানচি সাঙ্গু সেতু হলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিয়মিত হবে ধারণা করা হয়েছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। মাসের শুরুতে এসে বেতন-ভাতা নিয়ে সবাই লাপাত্তা হয়ে যান। থানচি বাজারের ব্যবসায়ী গোপাল মল্লিক, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তাসহ আরও অনেকে কর্মস্থলে না থেকে এবং কাজকর্ম না করে বেতন-ভাতা নেওয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইউএনও নিজে বান্দরবানে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি কক্ষে কার্যালয় খুলে সেখানে কাজ করেন। সে জন্য অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে অনুপস্থিত থাকেন। গত বুধবার সকাল সাড়ে ১০টায় ইউএনও ছালেহ্ আহমদ থানচি রয়েছেন দাবি করলেও উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেছেন, ‘উনি চট্টগ্রামে।’ মঙ্গলবার বিভাগীয় কমিশনারের একটি বৈঠকে গিয়ে ফিরতে পারেননি।ইউএনও মুঠোফোনে কর্মকর্তা-কর্মচারীদের কর্মকস্থলে না থাকার কথা স্বীকার করে বলেছেন, দাপ্তরিক কাজের অবকাঠামো, বিদ্যুৎ, পানিসহ ন্যূনতম পরিবেশ ও সেবা দেওয়ার সুযোগ না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা থাকতে চান না। উপজেলা পরিষদ ভবন পরিত্যক্ত হওয়ায় উপজেলা প্রশাসনসহ কোনো বিভাগের কার্যালয় নেই বলে উপজেলার মানুষ নিয়মিত সরকারি সেবা পাচ্ছেন না।