আজ শনিবারের মধ্যে বেতন ও বোনাস পরিশোধ এবং ঈদের ছুটিতে যাতায়াতের বিশেষ ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে গতকাল শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল থেকেই শ্রমিকেরা জড়ো হতে থাকেন সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে আজ ২৬ আগস্টের মধ্যে সব কারখানায় বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে মিছিল বের করেন শ্রমিকেরা।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির রানা প্লাজা শাখার সাধারণ সম্পাদক আলম মাতব্বরের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্তার, দপ্তর সম্পাদক দীপক রায়, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায়, রানা প্লাজা ধসে নিহত ফজলে রাব্বীর মা রাহেলা খাতুন ও আহত শ্রমিক রূপালী আক্তার।
তাসলিমা আখ্তার বলেন, ‘প্রতিবছর ঈদ এলেই অনেক কারখানার মালিকেরা শ্রমিকদের বেতন ও বকেয়া বেতনসহ অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং বোনাস ইত্যাদি নিয়ে টালবাহানা শুরু করেন। এবারের ঈদে তা মেনে নেওয়া হবে না।’
দীপক রায় বলেন, উত্তরবঙ্গসহ দেশের ২৬টিরও অধিক জেলা বানের পানিতে ভাসছে। পোশাকশ্রমিকদের অধিকাংশই এসব জেলার বাসিন্দা। তাঁদের বাড়িঘর পানির তোড়ে ভেসে গেছে। পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিন পার করছেন তাঁরা। এ অবস্থায় শ্রমিকেরা ঈদের আগে বেতন ও বোনাসসহ সব পাওনা না পেলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া বা বন্যা মোকাবিলা কোনোটাই সম্ভব হবে না তাঁদের।
প্রদীপ রায় বলেন, নিরাপদে শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করার দায়িত্ব গ্রার্মেন্টস মালিক ও সরকারের। ঈদের সময় পরিবহন মালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। তাই অর্থ বাঁচাতে ঘরমুখী শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে বা পণ্যবোঝাই ট্রাকে করে যেতে বাধ্য হন। এতে অনেক শ্রমিক দুর্ঘটনায় নিহত হন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঈদের আগে শ্রমিকদের জন্য বিশেষ যাতায়াতের ব্যবস্থা করতে হবে। এদিকে গতকাল বিকেলে একই দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনেও মানববন্ধনের আয়োজন করা হয়। ১২টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের আশুলিয়া শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক সংহতির আশুলিয়া থানা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম
আমাদের নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ জানান, ঈদের আগে আগস্ট মাসের সম্পূর্ণ বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট সমাবেশ ও মিছিল করেছে। গতকাল বিকেলে পাগলা বাজার এলাকায় এই সমাবেশ হয়।
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আফজাল হোসেন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, পাগলা আঞ্চলিক শাখার সভাপতি মোস্তফা প্রমুখ।