বেতন-ভাতা ও শিক্ষার্থীদের নতুন বইয়ের দাবিতে গতকাল রোববার মৌলভীবাজারে মানববন্ধন করেছেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।জানা গেছে, মৌলভাবাজার প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য দেন শিক্ষক বেণু ধর, রামসুন্দর রবিদাস প্রমুখ।শিক্ষকেরা জানান, মৌলভীবাজারসহ দেশের ৩২টি জেলায় ২০০৩ সাল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার চা-বাগানসহ বিভিন্ন স্থানে ১০০টি শিশু ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক ও বয়স্কদের শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষক আছেন ১০০ জন। কিন্তু ২০১০ সালের জুলাইয়ের পর থেকে তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না।শিক্ষকেরা আরও জানান, নতুন শিক্ষাবর্ষের তিন মাস চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়নি। পুরোনো বই দিয়ে তাঁরা কোনো রকম শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর দুর্গামণ্ডপ কেন্দ্রের শিক্ষিকা মনিকা দাস প্রথম আলোকে বলেন, ‘বেতন-ভাতা, পূজার বোনাস কিছুই আমরা পাচ্ছি না। তবু ক্লাস চালিয়ে যাচ্ছি। বছরের মাঝপথে তো ক্লাস বন্ধ করে দেওয়া যায় না। শিক্ষার্থীরা যাবে কোথায়।’ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ২৬ অক্টোবর একনেকের সভায় বেতন-ভাতার অর্থ পাস হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রকল্প পরিচালকের দপ্তর থেকে টাকা ছাড় দেওয়া হয়নি।