বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল সোমবার জেনারেশন নেক্সট কম্পোজিট নিটওয়্যার নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বেতন-ভাতাসহ বাড়তি কাজের মজুরি বাড়ানোর দাবিতে ওই কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন বলে জানা গেছে।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরেই কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে আসছিলেন। আলোচনার মাধ্যমে দাবি আদায়ে ব্যর্থ হয়ে শ্রমিকেরা গতকাল সকাল ১০টার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর দফায় দফায় শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হয়। পুলিশের মধ্যস্থতায় আলোচনার একপর্যায়ে কর্তৃপক্ষ যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে বেলা দুইটার দিকে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করেন। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার থেকে কারখানা আগের মতোই চালু থাকবে।