বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) সেফার্ড টেক্সটাইল বিডি লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কয়েক শ শ্রমিক বিক্ষোভে অংশ নেন।জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানার শ্রমিকেরা বেতন-ভাতাসহ যাতায়াত ও অতিরিক্ত শ্রমের মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। গতকাল দুপুরে কয়েকজন শ্রমিক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাঁদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান। কর্তৃপক্ষ তাঁদের দাবি মানতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ শ্রমিকেরা বিকেল সাড়ে তিনটায় কাজ বন্ধ করে দেন। এরপর তাঁরা কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে বেপজা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু শ্রমিকদের বাধার কারণে কর্তৃপক্ষ প্রথম দফায় ব্যর্থ হয়। পরে পুলিশের মধ্যস্থতায় বেপজা ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা করে বেশ কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সন্ধ্যা সাতটার দিকে মূল ফটকের তালা খুলে দিয়ে চলে যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপজা ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়।