বেতন-ভাতা: মন্ত্রী-সাংসদদের বাড়ল, বিচারপতিদের উত্থাপন
বিরোধী দল জাতীয় পার্টির বিরোধিতা ও ওয়াক আউটের মধ্য দিয়ে উচ্চ আদালতের বিচারপতিদের বেতন-ভাতা দ্বিগুণ করতে সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল ২০১৬ আজ বৃহস্পতিবার সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।
পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এ ছাড়া আজ মন্ত্রী-সাংসদদের বেতন-ভাতা বাড়াতে বিল পাস হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী আইনমন্ত্রীকে বিচারপতিদের বেতন-ভাতার বিল উত্থাপনের অনুরোধ জানালে জাতীয় পার্টির সদস্যরা উচ্চকণ্ঠে এর বিরোধিতা করেন।
এ সময় আইনমন্ত্রী জাতীয় পার্টির সদস্যদের উদ্দেশে বলেন, ‘বিচারপতিরা অবিবেচক হতে পারেন। সংসদ অবিবেচক নয়। যে রায় লিখুক না কেন, যে রায় দিক না কেন, আমরা হীনম্মন্যতার শিকার হব না। আমরা উদারতা দেখাব।’
এরপর আনিসুল হক বিলটি উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করলে জাতীয় পার্টির জিয়া উদ্দিন বাবলু বলেন, বিচারপতিরা যদি জাতীয় সংসদের আইন বাতিল করতে পারেন, তাহলে তো তাঁরা নিজেরাই নিজেদের বেতন-ভাতা বাড়িয়ে নিতে পারেন। আজকে যে রায় দিয়েছেন, তা অপমানজনক। এই রায় বাতিল না হওয়া পর্যন্ত বিলটি স্থগিত করে সংসদের প্রতি সম্মান দেখানো হোক।
এরপর আইনমন্ত্রী বিল উত্থাপন করলে জাতীয় পার্টির সদস্যরা প্রতিবাদে ওয়াক আউট করেন। এ সময় আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানকে রক্ষার জন্য যা করার তা করব।’
প্রস্তাবিত আইন সম্পর্কে আইনমন্ত্রী বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বাড়ায় এবং সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন স্কেল ঘোষণার কারণে বিচারপতিদের বেতন-ভাতা সময়োপযোগী করা প্রয়োজন।
প্রস্তাবিত আইনে প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার, ব্যয় নিয়ামক ভাতা ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার, ডোমেস্টিক এইড ভাতা ১ হাজার ৬২৫ থেকে বাড়িয়ে পাঁচ হাজার, কার অ্যালাউন্স ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বিলে আপিল বিভাগের বিচারপতিদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০০ হাজার, ব্যয় নিয়ামক ভাতা পাঁচ হাজার থেকে বাড়িয়ে আট হাজার, ডোমেস্টিক এইড ভাতা ১ হাজার ৪৬৫ থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার, রেসিডেন্স অ্যালাউন্স ২৬ হাজার ৬০০ টাকা বাড়িয়ে ৫০ হাজার ৬০০ এবং কার অ্যালাউন্স ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতিদের বেতন ৪৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার, ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার, ডোমেস্টিক এইড ভাতা ১ হাজার ৩০০ থেকে বাড়িয়ে চার হাজার, রেসিডেন্স অ্যালাউন্স ২৬ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার ৬০০ এবং কার অ্যালাউন্স ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
বিল উত্থাপন শেষে জাতীয় পার্টির সদস্যরা অধিবেশনে ফিরে আসেন।
মন্ত্রীদের বেতন-ভাতা বাড়ল
সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন-ভাতা বাড়াতে আজ সংসদে দ্য মিনিস্টার্স, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০১৬ বিল পাস হয়েছে। সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বিলে একজন মন্ত্রীর বর্তমান বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫০০ হাজার, প্রতিমন্ত্রীর বেতন ৪৭ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা করার কথা বলা হয়েছে।
বিলে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া হোক বা না হোক, মন্ত্রী সরকারি বাড়িতে না থাকলে তাঁকে ভাড়া দেওয়া হবে। একজন মন্ত্রী বাড়িভাড়া পাবেন ৮০ হাজার এবং প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পাবেন ৭০ হাজার টাকা করে।
এ ছাড়া সাংসদদের বেতন-ভাতা দ্বিগুণ করতে সংসদে বিল পাস হয়েছে। এতে সাংসদদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউয়েন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলের ওপর দেওয়া সংশোধনী প্রস্তাবে জাতীয় পার্টির সদস্যরা বেতন-ভাতা আরও বাড়ানোর দাবি করলে জবাবে আনিসুল হক বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের বাড়াচ্ছি। বিবেচকের মতো বাড়াতে হবে। আমাদের সামর্থ্য থাকলে বাড়াতাম।’
বিলে সাংসদদের ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার, দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০, স্বেচ্ছাধীন তহবিল তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ, নির্বাচনী এলাকার মাসিক খরচ সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০, মাসিক পরিবহন খরচ ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার এবং বার্ষিক ভ্রমণ খরচ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।