বেতন-ভাতা, পেনশনসহ সব ধরনের সরকারি সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার নোয়াখালী ও খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও চৌমুহনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার কর নির্ধারক মো. মাহবুবুর রহমান, সহসভাপতি ও নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা ও দপ্তর সম্পাদক মো. আবদুল হালিম।
বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মকর্তা-কর্মচারীর মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু সরাসরি সরকারের তহবিল থেকে তাঁদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা দেওয়া হচ্ছে না। যে কারণে অনেক পৌর কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা সরকারি তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা দেওয়ার দাবি জানান।
মানববন্ধন-সমাবেশ শেষে সংগঠনের নেতারা নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এদিকে একই দাবিতে সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অংক্য মং মারমা, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার, রামগড় পৌর কর নির্ধারক মো. শাহ আলম।