বেতন-ভাতার দাবিতে আবারও বিক্ষোভ স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন-ভাতার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে তাঁরা মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছেন। পরে দুই মাসের বেতন দেওয়ার আশ্বাসে শান্ত হন কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল রোববার বেলা দেড়টার দিকে কয়েক শ কর্মকর্তা-কর্মচারী করপোরেশনের সামনে বিক্ষোভ শুরু করেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক বিভাগ জানায়, করপোরেশনের নিয়মিত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী পাঁচ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ ছাড়া তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বন্ধ আছে দুই মাস। বেতন-ভাতা দেওয়ার দাবিতে বেলা দেড়টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। দুইটার দিকে দাবি আদায়ে মেয়রের কাছে স্মারকলিপি দেন। কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে দুই মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মচারী মো. ফরিদুল হক বলেন, ‘মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন। সেটাও নিয়মিত নয়। মার্চ মাসে আন্দোলন করার পর জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়। জুন পর্যন্ত পাঁচ মাসের বেতন বকেয়া পড়েছে। জুলাই শেষ হলে ছয় মাস হবে। ছয় মাস বেতন না পেলে পরিবার নিয়ে চলব কীভাবে?’ একই অভিযোগ করেন, মো. হাসান চৌধুরী, মো. হেমায়েত উদ্দিন, মো. মেহেদী হাসান, আবদুল জলিলসহ অনেকে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বরিশাল সিটি করপোরেশনে রাজস্ব আয় থেকে বেতন-ভাতা দেওয়ার কথা। কিন্তু রাজস্ব জমা হওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদারি বিল অথবা অন্য খাতে খরচ করা হয়। সে জন্যই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া পড়ছে।

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দাবি যৌক্তিক। রাজস্ব আদায় থেকে বিপুলসংখ্যক কর্মীর বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বকেয়া পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে স্মারকলিপি দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই মাসের বেতন দেওয়ার। দুই মাস দেওয়া হলে তিন মাসের বকেয়া থাকবে। সেটাও আস্তে আস্তে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’