বেতন-ভাতার দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও ঈদ-বোনাসের দাবিতে ঢাকার সাভারের আড়াপাড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশের উপস্থিতিতে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা হলে শ্রমিকেরা বাড়ি চলে যান।পুলিশ ও শ্রমিকেরা জানান, ‘ওরী অ্যাপারেলস লিমিটেড’ নামের পোশাক কারখানার প্রায় ৭০০ শ্রমিক গতকাল সকাল সাতটায় কর্মস্থলে হাজির হয়ে গত মাসের বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ ঈদ-বোনাস দাবি করেন। কিন্তু কর্তৃপক্ষ বেতন ও ভাতা দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তেজিত শ্রমিকেরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওয়াইকে পার্ক ও মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেনসহ ১০ থেকে ১৫ জন কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সাভার থানা ও শিল্প-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা বেতন-ভাতা ছাড়া অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানান। পরে পুলিশ ও শ্রমিকদের চাপের মুখে কর্তৃপক্ষ ১৮ আগস্টের মধ্যে বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং ঈদের আগে বোনাস দেওয়ার আশ্বাস দিলে বিকেল চারটার দিকে শ্রমিকেরা বাড়ি চলে যান।শ্রমিকদের অভিযোগ, আট মাস ধরে কর্তৃপক্ষ এক মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করে আসছে। কিন্তু হঠা ৎ করে গত মাসের বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও ঈদ-বোনাস পরিশোধ নিয়ে গড়িমসি শুরু করেছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওয়াইকে পার্ক জানান, দুই দিন আগে পণ্য রপ্তানি করা হয়েছে। এর বিল পাওয়া যাবে ১৬ আগস্টের মধ্যে। তাই গত মাসের বেতন-ভাতা পরিশোধে বিলম্ব হচ্ছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, অর্থের অভাবে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারেনি বলে জানিয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছে।