বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল রোববার টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে তাঁরা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর আগের দুদিনও তাঁরা পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, তাঁদের পাঁচ মাসের বেতন-ভাতা বকেয়া পড়েছে। এর সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের ৩৬ মাসের অর্থ বরাদ্দ, বেতন বৈষম্য দূরীকরণ, উন্নয়নকাজের নামে অনিয়ম রোধ এবং অপ্রয়োজনীয় জনবল বাতিলের দাবিও করছেন তাঁরা।
গতকাল কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবন চত্বরে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নগর ভবনের ভেটেরিনারি সার্জন রবিউল ইসলাম, স্টোর অফিসার আলমগীর হোসেন, নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবিব প্রমুখ। সমাবেশের ফাঁকে ফাঁকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা।