বেতন-ভাতার দাবিতে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
নির্ধারিত সময়ে বেতন ও অধিকাল ভাতা (ওভারটাইম) না পেয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) তিনটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে দাবি পূরণে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকেরা শান্ত হন।
পুলিশ জানায়, বেতন না পেয়ে গতকাল সকালে ইপিজেডে অবস্থিত এক্সেলসিওর সুজ কারখানার অন্তত ৫০ জন কর্মী বিক্ষোভ করেন। অধিকাল ভাতা পাওনা না পেয়ে তাঁদের সঙ্গে যোগ দেন কয়েক শ শ্রমিক। একই সময়ে পোর্টল্যান্ড কারখানায় বকেয়া বেতন এবং স্মার্ট জ্যাকেটের কিছু শ্রমিক বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ কারখানার মালিকদের কাছ থেকে আজ বুধবারের মধ্যে বেতন ও ভাতা পরিশোধের অঙ্গীকার আদায় করে। এ পর্যায়ে শ্রমিকেরা শান্ত হন।
শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, বেতন-ভাতার দাবিতে ওই সব কারখানার শ্রমিকেরা হইচই করেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।