বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তার আউচপাড়া এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন-ভাতা ও বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকেরা জানান, দুই মাস ধরে স্থানীয় রুহুল সোয়েটার কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বোনাসও দেওয়া হয়নি। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২৭ সেপ্টেম্বর কারখানা কর্তৃপক্ষ আগস্ট মাসের আংশিক বেতন-ভাতা পরিশোধ করেন। ২৯ সেপ্টেম্বর শ্রমিকদের বাকি পাওনা পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। সেদিনও বেতন-বোনাস না দেওয়ায় কর্মকর্তাদের অবরুদ্ধ করেন শ্রমিকেরা। পরে সব পাওনা মেটানোর আশ্বাস দিয়ে পুলিশের সহায়তায় মুক্ত হন তাঁরা। গতকাল বৃহস্পতিবার পাওনা পরিশোধের তারিখ ছিল। শ্রমিকেরা গতকাল কারখানায় এসে বেতন-ভাতার জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু এদিন কারখানায় কোনো কর্মকর্তাই আসেননি। দীর্ঘ অপেক্ষার পরও কর্তৃপক্ষের কাউকে না পেয়ে শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা কারখানাসংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, কয়েক শ শ্রমিক বিকেল সোয়া পাঁচটার দিকে মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পৌনে ছয়টার দিকে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার সামসুর রহমান বলেন, ‘এখানে শুধু এ কারখানাটিতেই শ্রমিক অসন্তোষ দেখা দিল। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’