বেতন-ভাতার দাবিতে সিএমইএস কার্যালয়ে তালা
বকেয়া বেতন ও উৎসব ভাতার দাবিতে সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) মালগাড়া কার্যালয়ে আট দিন ধরে তালা ঝুলছে। এর ফলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া সিএমইএস ইউনিটে ছয়টি ট্রেডের (কারিগরি বিষয়) শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ২০০৬ সালে সিএমইএস মালগাড়া ইউনিট প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ছয়টি কারিগরি বিষয়ে পাঠ দান করা হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৫১২ জন শিক্ষার্থী এবং চারজন কর্মকর্তা ও ৫৬ জন কর্মচারী কর্মরত আছেন।মালগাড়া সিএমইএস ইউনিটের ট্রেড অর্গানাইজার বিধান চন্দ্র চক্রবর্তী বলেন, নির্বাহী পরিচালকের কাছে গত ১২ আগস্ট, ১০ অক্টোবর ও ১৭ অক্টোবর বেতন-ভাতাদি চেয়ে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি; বরং বেতন-ভাতার জন্য আন্দোলন করায় সেপ্টেম্বর মাসে ইউনিট অর্গানাইজার জাহেদুল ইসলাম ও জেন্ডার অর্গানাইজার আতিকুল হককে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেছে এবং এর আগে আগস্ট মাসে একসঙ্গে ১১ জনকে গণবদলি করে।সিএমইএসের ঢাকার প্রোগ্রাম সমন্বয়কারী আয়াত উল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।