বেতন-ভাতার দাবিতে ১২ দিন ধরে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হোমনাবাদ আদর্শ কলেজের শিক্ষক ও কর্মচারীরা ১২ দিন ধরে কর্মবিরতি পালন করছেন। অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং বেতন-ভাতার দাবিতে তাঁরা ৮ জানুয়ারি এই কর্মসূচি শুরু করেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
কলেজের অন্তত চারজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কলেজের টাকা আত্মসাৎ করার অভিযোগ দীর্ঘদিন থেকে। একই সঙ্গে অধ্যক্ষ ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৭০০ জন শিক্ষার্থীর কাছ থেকে রসিদ ছাড়া ৫০ টাকা করে ভর্তি ফরমের ফি আদায় করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে উপবৃত্তি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া, এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম ও শিক্ষক নিয়োগে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়।
এসব অভিযোগের বিষয়ে গত নভেম্বর মাসে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষের বিরুদ্ধে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন। বোর্ড চেয়ারম্যানের নির্দেশে গঠিত তদন্ত কমিটি অভিযোগটির তদন্ত করে সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। এরপর থেকে অধ্যক্ষ কলেজ পরিচালনা পর্ষদের কোনো বৈঠক ডাকেন না। এমনকি কলেজেও নিয়মিত আসেন না।
কলেজের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক তবারক উল্যাহ বলেন, ‘অধ্যক্ষ পরিচালনা পর্ষদের সভা না ডাকায় সভাপতি বেতন বিলে সই করছেন না। ওই কারণে আমরা দুই মাস ধরে বেতন পাচ্ছি না। তার ওপর অধ্যক্ষের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের তদন্ত হয়েছে।’
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে কলেজ পরিচালনা পর্ষদের সভা ডাকছেন না। ওই কারণে শিক্ষকেরা বেতন পাচ্ছেন না।
অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম কলেজের টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা নেওয়া, উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া এবং শিক্ষক নিয়োগ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরীফ বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সমস্যা সমাধানের জন্য ২৪ জানুয়ারি আমার কার্যালয়ে সভা ডাকা হয়েছে।’