বেতন-ভাতার হিসাবে ইউএনওর স্বাক্ষরের সিদ্ধান্ত সংশোধনের দাবি
জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং উপজেলা পরিষদে ন্যস্ত দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) স্বাক্ষরের ব্যবস্থা রাখার আদেশ সংশোধনের দাবি জানিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
দাবি আদায়ে ২৪ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডার কর্মকর্তাদের নিয়ে এই কমিটি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সদস্যসচিব ফিরোজ খান বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেলে পুনর্বহাল এবং উপজেলা পর্যায়ে ১৭টি দপ্তরের কর্মকর্তাদের বেতন-ভাতাসহ অন্যান্য বিলে ইউএনওর স্বাক্ষর ও অযাচিত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বাস্তবায়ন না করার জন্য সরকারকে অনুরোধ জানানো হলেও তাতে সাড়া না দিয়ে ১৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ উপজেলা পরিষদের ক্ষমতায়নের নামে একটি অফিস স্মারক জারি করে। এতে জনপ্রশাসনসহ জাতীয় উন্নয়নে বিরূপ প্রভাব পড়বে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলন থেকে ইউএনওসহ উপজেলা পরিষদে ন্যস্তকৃত সব দপ্তরের কর্মকর্তাদের জনপ্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে জবাবদিহির ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড বন্ধ করায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদ অবনমন হবে। তাই সব বিবেচনায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করা উচিত। পরে সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন বক্তব্য দেন। তাঁদের মধ্যে একজন বক্তা বর্তমান প্রশাসনযন্ত্রকে ঔপনিবেশিক আমলের বলেও কটাক্ষ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক আবদুস সবুর, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলীসহ বেশ কিছুসংখ্যক প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ ও ২৬ ক্যাডারের কর্মকর্তা।