বেতন-মর্যাদা নিয়ে আমলাদের প্রতি উপাচার্যদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, উপাচার্যদের পদমর্যাদা বৃদ্ধিসহ চার দফা দাবি জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তাদের কেউ কেউ আমলাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেতনকাঠামোয় যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনবৈষম্য না কমানো হয়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থির পরিস্থিতি তৈরি হবে।
গতকাল বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যরা এই দাবি ও ক্ষোভের কথা জানান। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ব্যানারে উপাচার্যরা গতকাল সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যান। পৌনে একটা পর্যন্ত তাঁরা সেখানে মন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সাক্ষাতের সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়নি। শুধু শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ও বিসিএস তথ্য ক্যাডার থেকে সম্প্রতি উপসচিব হওয়া সুবোধ চন্দ্র ঢালীকে রাখা হয়।
সপ্তম বেতন স্কেলে সিলেকশন গ্রেডের অধ্যাপকদের এক নম্বর গ্রেডে রাখা হলেও প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেডের অধ্যাপক ও অধ্যাপকদের বেতন আগের তুলনায় তিন থেকে চার ধাপ নেমে গেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেও এসব সমস্যার কথা বলেন।
গতকালের সভায় বিশ্ববিদ্যালয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.আলাউদ্দিন লিখিতভাবে তাঁদের চার দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের প্রত্যাশিত বেতনকাঠামো অনুযায়ী পদমর্যাদা নিশ্চিত করা এবং উপাচার্যদের পদমর্যাদা জাতীয় বেতন স্কেলের সর্বোচ্চ বিশেষ স্কেলের সমতুল্য করার দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দাবিগুলো বাস্তবায়ন করতে বলা হয়।
সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষকেরা আশা করেছিলেন সপ্তম বেতনকাঠামোতে যে বেতন পেতেন তার চেয়ে অষ্টম বেতনকাঠামোতে বেশি পাবেন। এটাই স্বাভাবিক। এখন সপ্তম বেতনকাঠামো থেকে পেছনে যাওয়া কষ্টকর। তিনি আশা করেন শিক্ষকদের দাবি ও প্রত্যাশা পূরণ করা হবে।
সভায় ঘুরেফিরে শিক্ষকদের বেতন ও পদমর্যাদা নিয়ে আমলাদের দোষারোপ করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, একবার সার্কিট হাউসে শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি সচিবের পাশে বসেন। কিন্তু জেলা প্রশাসক এসে তাঁকে সরে গিয়ে আরেক পাশে বসার জন্য বলেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. অহিদুজ্জামান বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা কর্তৃত্ব করতে চায়। যে সমাজজীবনে শিক্ষকের সম্মান নেই, সেই সমাজ এগিয়ে যেতে পারে না। শিক্ষকের অবদমিত করে রাখা হলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীও শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে চান। তাহলে বাধা কোথায়। আসুন সেই বাধা দূর করি।’
একজন উপাচার্য বলেন, প্রস্তাবিত বেতনকাঠামো বাস্তবায়ন করা হলে বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হবে। অগ্নিগর্ভ পরিস্থিতি এড়াতে আগেই ব্যবস্থা নিতে হবে।
বৈঠকে কয়েকজন উপাচার্য অভিযোগ করেন, আমলাদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্যদের পদমর্যাদা অবদমিত করে রাখা হচ্ছে। প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারাও উপাচার্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মান জানাতে চান না।
শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তিনি শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধা বাড়াতে সব সময় সচেষ্ট। প্রস্তাবিত বেতনকাঠামোর বিষয়টি তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে অবহিত করেছেন। এ নিয়ে আলোচনাও চলছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। এটি মন্ত্রিসভায় পাস করতে হবে।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বর্তমানে দেশে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম চালাচ্ছে।