বেতন মাত্র ৩০০ টাকা!
১৯৮০ সালে পিতা হরেন্দ্র কুমার দাশের মৃত্যুর পর মাসে ৮০ টাকা বেতনে খাগড়াছড়ির দীঘিনালা থানা বাজারের খণ্ডকালীন মালী হিসেবে চাকরি নেন সাধন চন্দ্র দাশ (৪৫) প্রকাশ সাধন মালী। ৮০ টাকা ৩২ বছরে বেড়ে হয়েছে মাত্র ৩০০ টাকা। চাকরিও খণ্ডকালীন থেকে স্থায়ী হয়নি।সরেজমিনে উপজেলার থানা বাজারে গিয়ে দেখা যায়, সাধন মালী আবর্জনা ফেলার ছোট্ট একটি ট্রলি ঠেলে ঠেলে বাজারের আবর্জনা পরিষ্কার করছেন। আবর্জনা পরিষ্কারের এক ফাঁকে সাধন মালী জানান, এ বিশাল বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব তাঁর একার। ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তাঁর পিতা হরেন্দ্র কুমার দাশ এ কাজ করতেন। ১৯৮০ সালে পিতার মৃত্যুর পর মাসে ৮০ টাকা বেতনে সে দায়িত্ব নেন। বর্তমানে বেতন পাচ্ছেন মাসে ৩০০ টাকা। সাধন মালী আক্ষেপ করে বলেন, ‘বর্তমান সময়ে কি আর মাসে ৩০০ টাকা বেতনে কেউ চাকরি করে? মৃত্যুর আগে যদি আমার চাকরিটা খণ্ডকালীন থেকে স্থায়ী হয় সে আশায় এখনো কাজ করে যাচ্ছি। জানি না, সৃষ্টিকর্তা সে আশা পূরণ করবেন কি না। ৩০০ টাকা বেতনের চাকরি করেও ছেলেমেয়েদের কষ্ট করে পড়ালেখা করাচ্ছি। এক ছেলেকে এইচএসসি পাস করেছে আরেক ছেলে ও মেয়ে এবারে এসএসসি পরীক্ষা দেবে। সবচেয়ে বেশি কষ্ট হাটবারের দিন অর্থাৎ মঙ্গলবার। সেদিন বাজারে প্রচুর আবর্জনা হয়। বাজার চৌধুরী প্রতি দোকান থেকে দুই টাকা তুলতে বলেছেন অথচ দোকানে সেই দুই টাকা চাইতে ভাংতি নেই বলে ফিরিয়ে দেয়। তবুও হাটবারের দিন ৪০০-৫০০ টাকা পাই। কিন্তু বাজারে আবর্জনা বেশি থাকায় সঙ্গে আরও দুজন লোক নিয়ে আমার পরিষ্কার করতে হয়। তাঁদের দিতে হয় ৩০০ টাকা। কোনোদিন অসুস্থ থাকলে সেদিনও লোক দিয়ে বাজারের আবর্জনা পরিষ্কার করাই। এখনো মানুষের দয়ায় যেন আমার জীবন চলছে। আমার কোনো চাওয়া নেই। শুধু চাওয়া এইটুকু ছেলের জন্য একটি সরকারি চাকরি ও আমার মালীর চাকরিটা যদি খণ্ডকালীন থেকে স্থায়ী করা হয়। তখন আমি মরেও শান্তি পাব।’থানা বাজার চৌধুরী জেসমিন চাকমা বলেন, ‘বর্তমান যুগে মাসে ৩০০ টাকা বেতনে চাকরি করার বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য। সাধন মালীর কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়। কিন্তু কিছুই করার নেই। স্থায়ী করার আগে তাঁর মাসিক বেতনটা অন্তত তিন হাজার টাকা করা অবশ্যই প্রয়োজন।’ খাগড়াছড়ি বাজার ফান্ড প্রশাসন কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রাবস্তী রায় বলেন, ‘আমরা যে মাসে ৩০০ টাকা দিই সেটা সম্মানীমাত্র। মালীদের এখনো বাজার ফান্ডের কর্মচারীর আওতায় আনা হয়নি, সে ক্ষেত্রে স্থায়ী করারও কোনো সুযোগ নেই।’