বেতন সমন্বয়ের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানার শ্রমিকেরা বেতন সমন্বয় করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন। গতকাল শনিবার ভোর ছয়টায় মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা সাড়ে তিনটার দিকে কাজ শুরু করেন তাঁরা।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কারখানায় দুই শিফটের পরিবর্তে তিন শিফট চালু করা হয়। এতে শ্রমিকদের ওভারটাইমের কাজ করার সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে তাঁদের মাসিক বেতন-ভাতার পরিমাণও কমে যায়।
বঙ্গজ তাল্লু গ্রুপের মালিকানাধীন এই কারখানায় গার্মেন্টস ও টেক্সটাইল নামে দুটি শাখা রয়েছে। টেক্সটাইল শাখার প্রায় ১৮০ জন শ্রমিক গতকাল কর্মবিরতি শুরু করেন।
কারখানার টেক্সটাইল শাখায় কর্মরত আফিল মাহমুদ ও আসাদুল হক বলেন, ‘কারখানায় দুই শিফট চালু থাকা অবস্থায় প্রতিদিন চার ঘণ্টা ওভারটাইম করার সুযোগ ছিল। ওই সময় মূল বেতন ও ওভারটাইম ভাতাসহ প্রায় ১২-১৪ হাজার টাকা আয় হতো। তিন শিফট চালু করার কারণে ওভারটাইমের সুবিধা বন্ধ হয়ে গেছে। এখন শুধু মূল বেতন পাচ্ছি। এতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তাই বেতন সমন্বয় করার দাবিতে কর্মবিরতি পালন করছি।
কারখানার টেক্সটাইল শাখার শ্রমিকেরা ১৬ মার্চ বেতন সমন্বয় করার দাবিতে স্থানীয় সাংসদ, সিইপিজেডের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবাইকে স্মারকলিপি দেন। শ্রমিকদের কর্মবিরতি প্রসঙ্গে কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক বশির আহমেদ বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য কারখানার মালিকপক্ষ, বেপজা, শিল্প-পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
তিনি বলেন, পোশাকশিল্পের জন্য সরকার ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী কারখানার শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে। এতে ব্যয় বেড়ে গেছে। ব্যয় সংকোচনের জন্য তিন শিফট চালু করা হয়েছে। এ ছাড়া ওভারটাইম (অতিরিক্ত কাজ) ব্যবস্থা বন্ধ করতে বিদেশি ক্রেতাদের চাপ রয়েছে।