বেতন স্কেল নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা হতে পারে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও পদমর্যাদাসংক্রান্ত জটিলতা নিয়ে বেতনবৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য এবং কয়েকজন সচিবের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তবে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং কলেজশিক্ষকদের আন্দোলনসহ সামগ্রিক বিষয়ে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন বলে একজন মন্ত্রী প্রথম আলোকে জানিয়েছেন। তিনি আরও বলেন, কয়েকজন মন্ত্রী শিক্ষকদের দাবি ও আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্তব্যের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে নেন। উল্লেখ্য, অর্থমন্ত্রী সাম্প্রতিক সময়ে একাধিকবার বলেছেন, শিক্ষকেরা না জেনেই আন্দোলন করছেন।
পরে গতকাল রাতে এ নিয়ে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, বেতনকাঠামো নিয়ে কোনো অসংগতি থাকলে তা বিবেচনা করা হবে।
তবে আন্দোলনকারী শিক্ষকেরা গতকাল সোমবারও বলছেন, তাঁদের দাবি যৌক্তিক। দাবি পূরণ ছাড়া তাঁরা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। বেতন ও পদমর্যাদা সমস্যা নিরসনের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল থেকে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। আজ মঙ্গলবার শেষ হবে এই কর্মবিরতি। শিক্ষকদের কর্মসূচির কারণে কলেজগুলোতে অচলাবস্থা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও কালো ব্যাজ ধারণ অব্যাহত রেখেছেন।
একাধিক মন্ত্রী প্রথম আলোকে বলেন, গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেতন স্কেল নিয়ে শিক্ষকদের দাবি এবং প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং ২৬টি বিসিএস ক্যাডারের দাবির প্রসঙ্গ তোলেন। পরে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নানসহ কয়েকজন আলোচনায় অংশ নেন। তাঁদের কেউ কেউ অর্থমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলে মত দেন। একটি বৈঠকের পর বেতনবৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আর সভা না ডাকায় অর্থমন্ত্রীকে দায়ী করা হয়। অবশ্য অর্থমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন না।
একাধিক মন্ত্রীর বক্তব্য ছিল, প্রজ্ঞাপন জারির আগে বেতনবৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শিক্ষকদের বিষয়ে কিছু সুপারিশ করলেও তা প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়নি। এমনকি ওই সভায় শিক্ষকদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছিল। প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, ২৬টি বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অসন্তোষের কথাও উঠে আসে আলোচনায়।
এ বিষয়ে একাধিক মন্ত্রী সভায় বলেন, স্বাধীনতার পর একসঙ্গে এত বেতন বাড়েনি। তারপরও শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সমালোচনার কারণে সরকার এত বড় উদ্যোগের প্রশংসা পাচ্ছে না।
সভা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শিক্ষকদের আন্দোলন নিয়ে প্রথমে কিছুটা বিরক্তি প্রকাশ করেন। মন্ত্রীদের আলোচনা শোনার পর তিনি বেতন স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সচিবকে ডেকে এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।
সভায় আলোচনার বিষয়ে একাধিক সচিবের বক্তব্য জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কিছু বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব ইঙ্গিত দেন, বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা হতে পারে।
শিক্ষকদের আন্দোলন: সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকালও কালো ব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করেছেন। ১১ জানুয়ারি থেকে তাঁরা লাগাতার কর্মবিরতি পালন করবেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের অবস্থান স্পষ্ট। দাবি পূরণ ছাড়া শিক্ষকেরা আন্দোলন থেকে সরবেন না।
এদিকে বেতন ও পদমর্যাদা সমস্যা নিরসনের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল থেকে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর কাছে যে খবর আছে, তাতে গতকাল দেশের সব সরকারি কলেজে শিক্ষকেরা সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন। আজও এই কর্মসূচি চলবে। দাবি পূরণ না হলে ২২ জানুয়ারি সমিতির সাধারণ সভায় আরও কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর মিরপুর বাঙলা কলেজের শিক্ষক ও ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁদের কলেজেও গতকাল ক্লাস হয়নি। ঢাকা কলেজেও ছিল একই চিত্র।
সাধারণত সরকারি কলেজের অধ্যাপকেরা চতুর্থ গ্রেডের কর্মকর্তা। সিলেকশন গ্রেড থাকায় এত দিন মোট অধ্যাপকদের মধ্যে ৫০ শতাংশ অধ্যাপক গ্রেড-৩-এ যেতে পারতেন। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় এখন এই পথ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে কয়েক মাস ধরেই আন্দোলন করছেন কলেজশিক্ষকেরা।
সামগ্রিক বিষয় সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এর সমাধান হবে বলে তিনি আশাবাদী।
অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য: গতকাল রাতে পাঠানো অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. জালালউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, নতুন বেতনকাঠামো আগেরটির সংশোধন নয়, বরং সম্পূর্ণ নতুন। এতে অনেক নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রয়োগ ও অনুশীলনের ক্ষেত্রে কোনো অসংগতি থাকলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সব পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বৈষম্য ও জটিলতা দেখা যাচ্ছিল। সব কর্মচারী এ সুবিধা সমভাবে পেতেন না, যার ফলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ এবং অসংখ্য মামলা হচ্ছিল। টাইম স্কেল বা সিলেকশন গ্রেডপ্রাপ্তি মানে পদোন্নতি নয়, কেবল আর্থিক সুবিধাপ্রাপ্তি। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর বেতন ও চাকরি কমিশন এটি বিলুপ্তির সুপারিশ করে এবং তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। কোনো চাকরিজীবী যাতে এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য ৫ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশ ক্রমপুঞ্জিত হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার আদেশ হয়েছে। একই সঙ্গে পদোন্নতি না পেলে ১০ ও ৬ বছর পর উচ্চতর গ্রেডের বিধান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যাতে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ছাড়া গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্য হন সে জন্য সরকারের সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে অর্থ বিভাগ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় অনাপত্তি দেবে। সরকার ইতিমধ্যে বিভিন্ন ক্যাডারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডে আরও কিছু পদ সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বলা হয়, বর্তমানে বিভিন্ন ক্যাডার ও ক্যাডারবহির্ভূত পদে কর্মরত নবম গ্রেডে (সপ্তম কাঠামোতে প্রথম শ্রেণি) চাকরিজীবী রয়েছেন ৬৫ হাজার ৩০৮ জন। আর সব পর্যায়ে ক্যাডার ও ক্যাডারবহির্ভূত প্রায় ১২ লাখ চাকরিজীবী রয়েছেন। তা থেকে সরকারের সচিবসহ গ্রেড-১ ভুক্ত চাকরিজীবী রয়েছেন ১২২ জন। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৩২ সরকারি বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৪১১ শিক্ষকের মধ্যে গ্রেড-১ ভুক্ত অধ্যাপক রয়েছেন ৮২০ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় অধ্যাপকেরা দেশের সর্বজনশ্রদ্ধেয় গুণীজন। তাঁদের বেতন বা সম্মানী সিনিয়র সচিবদের বেতনের সমান করার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই সম্মানী কীভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে অর্থ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শুধু পত্র যোগাযোগ হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের একজন কর্মচারীকে সচিব পদে পদোন্নতি পেতে হলে প্রায় ২৭-৩০ বছর অপেক্ষা করতে হয়। পঞ্চম গ্রেডভুক্ত উপসচিব পদেই পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয় ১৬-২০ বছর। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ১২ বছরের মধ্যে তৃতীয় গ্রেডভুক্ত হয়ে অধ্যাপক পদে পদোন্নতি পান। অর্থ বিভাগের পর্যবেক্ষণ হচ্ছে, অধ্যাপকেরা ২০-২৫ বছরের মধ্যে গ্রেড-১ পান। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমাও ৬৫ বছর। আর সরকারি চাকরিজীবীদের সে সময়সীমা ৫৯ বছর।
সবশেষে বলা হয়, সরকারি চাকরিজীবীকে ৯-৫টার পরও অফিস করতে হয়। সরকারের অনুমোদন ছাড়া অন্য কোনো কাজ করারও সুযোগ নেই। অন্যদিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজের কাজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান।