বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
প্রস্তাবিত জাতীয় বেতনকাঠামো প্রত্যাখ্যান এবং পুনর্নির্ধারণের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মানববন্ধনে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, সিলেকশন গ্রেড, অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা, অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য করা, বাকিদের ক্রমানুসারে নির্ধারণ করা, শিক্ষকদের সরকারি কর্মকর্তাদের অনুরূপ সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়া, বেতন কমিশনের সুপারিশে উল্লিখিত ‘আর্থিকভাবে সম্পূর্ণ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়ন যুক্তিযুক্ত হবে না’ অংশটি বাতিল করার দাবি জানানো হয়।
সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক নাজমা শাহীন, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অবিলম্বে দাবি না মানলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দিয়েছে সমিতি।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহা. আলী নূরের সভাপতিত্বে সংগঠনটির সহসভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন।