বেতনকাঠামো জানতে চাওয়ায় কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামোর তথ্য না জানানোয় ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকার আরবা টেক্সটাইল নামের একটি কারখানার শ্রমিকেরা গত সোমবার কর্মবিরতি পালন করেন। ওই ঘটনার পর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করেন।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামো গত ডিসেম্বর মাস থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু অনেক শ্রমিকই জানেন না ওই কাঠামো অনুযায়ী তাঁরা কে কত বেতন-ভাতা পাবেন। শ্রমিকেরা গত সোমবার কর্মস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের কাছে ওই তথ্য জানতে চান। কিন্তু কর্মকর্তারা এ ব্যাপারে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তথ্য না পেয়ে শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন। বিকেলের দিকে শ্রমিকেরা চলে যান।
গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এসে মূল ফটকে অনির্দিষ্টকালের কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবরোধ করার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।