বেতনবৈষম্য দূর করার দাবি স্বাস্থ্য সহকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও চাঁদপুরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদা উন্নীতকরণের মাধ্যমে বেতনবৈষম্য দূর করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা গতকাল শুক্রবার এই কর্মসূচি পালন করেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ হেলথ অ্যাসিসস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা গতকাল বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৮ সালে এক মহাসমাবেশে স্বাস্থ্য সহকারীদের পদমর্যাদা উন্নীতকরণসহ বেতনবৈষম্য নিরসনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালের জুলাই মাসে স্বাস্থ্য সহকারীদের কাজের প্রকৃতি, ধরন, গুরুত্ব ও অভিজ্ঞতাসহ নানা দিক পর্যালোচনা করে বেতমবৈষম্য নিরসনের জন্য স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন পাঠানো হয়। সেখানে স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে ১৪ গ্রেডে উন্নীত করার বিষয়ে প্রস্তাব করা হয়।
শেরপুর: গতকাল সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন রাসেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অধীন দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী পদে ২০ হাজার ৮৮৬ জন কর্মরত আছেন। এঁদের মধ্যে শেরপুর জেলায় আছেন ১৭৪ জন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সরকার তা বাস্তবায়ন না করায় পদমর্যাদাসহ তাঁরা চরম বেতনবৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থায় তাঁরা পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতনবৈষম্য দূরীকরণ এবং বেতন স্কেলসহ টেকনিক্যাল মর্যাদা প্রদানের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ৩১ মার্চের মধ্যে তাঁদের দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে আগামী ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার ঘোষণা দেওয়া হবে।
চাঁদপুর: গতকাল বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ হেলথ অ্যাসিসস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি এস এম নিজামুদ্দিন লিখিতভাবে তাঁদের দাবি তুলে ধরেন। কর্মসূচিতে চাঁদপুরের প্রায় ৪০০ স্বাস্থ্য সহকারী অংশ নেন।
এ সময় সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ রহমানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ বক্তৃতা করেন।