বেতনবৈষম্য দূর করাসহ চার দফা দাবি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা বেতনবৈষম্য দূর করাসহ চার দফা দাবিতে সমাবেশ করেছেন। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সরকারি হাইস্কুল মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে বৃহত্তর রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলাসহ বিভিন্ন জেলার প্রধান শিক্ষকেরা অংশ নেন।
সভাপতি জাহেদুল আলম পদোন্নতিপ্রাপ্ত এই প্রধান শিক্ষকদের চার দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে পদোন্নতির তারিখ থেকে প্রধান শিক্ষকের বেতন স্কেলে বেতন নির্ধারণ, ২০০৬ সালের ২৯ আগস্ট তারিখের উন্নীত বেতন স্কেলে প্রধান শিক্ষকের বেতন স্কেল ধরে বেতন নির্ধারণ এবং এর আগে অর্জিত টাইম স্কেল গণনা করে বেতন নির্ধারণ, ২০১৪ সালের ৯ মার্চ ঘোষিত উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণের জটিলতা দূরীকরণ এবং প্রধান শিক্ষক পদে পদোন্নতির তারিখ থেকে আট বছর, ১২ বছর বা ১৫ বছর পূর্তিতে টাইম স্কেলে বেতন নির্ধারণ ও এর বাস্তবায়ন।