অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতনবৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশ এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি কর্মকর্তারা। একই দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভা করেছেন।
শাহজাদপুরের মানববন্ধন কর্মসূচির আয়োজক ছিল বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের সহসভাপতি-১ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাইয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন শাহজাদপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হাসনাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন সাব্বির আহমেদ, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মনজু আলম সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেন প্রমুখ।
বক্তারা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করতে হবে। বেতন-ভাতায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিল করতে হবে। নিজ নিজ মন্ত্রণালয় নিজ নিজ ক্যাডারদের দিয়ে পরিচালনা করতে হবে। আন্ত-ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। সবাইকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যাদা একই করতে হবে।
একই দাবিতে জেলার তাড়াশ উপজেলায়ও একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নান্দাইল উপজেলার ১৬টি সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. আবুল খায়ের মিয়া, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমীন, কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন প্রমুখ। অংশগ্রহণকারীরা কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার ওপর ইউএনওর কর্তৃত্ব বাতিল, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ বিভিন্ন দাবি জানান।
একই দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারী এতে সভাপতিত্ব করেন।
প্রসঙ্গত, উপজেলা পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার উপজেলা পর্যায়ে ১৭টি দপ্তর ও সংস্থাকে উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত করেছে। এ বিষয়ে ১৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে ওই সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার সইয়ে হবে।