সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, দশম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবিতে গতকাল বুধবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন প্রধান শিক্ষকেরা।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ডাকে রাজধানীসহ দেশের অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা নিজ নিজ স্কুলে এ কর্মসূচিতে অংশ নেন।
সমিতির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র এস এম ছায়িদ উল্লা প্রথম আলোকে বলেন, ২২ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে ২৩ মার্চ সংবাদ সম্মেলন করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ২০১৪ সালের ৯ মার্চ তাঁদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা করার ঘোষণা দেওয়া হলেও এখনো প্রধান শিক্ষকদের নাম উল্লেখ করে গেজেট না হওয়ায় তাঁরা প্রাপ্য সুযোগ-সুবিধাদি পাচ্ছেন না।
সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, দেশের প্রায় ৫০ হাজার বিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়েছে। সমিতির পাঁচ দফার দাবির মধ্যে আরও রয়েছে জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল করা।
আজ বেতনবৈষম্য নিরসন কমিটির সভা: সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে আপত্তি নিরসনে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, বিকেল চারটায় এ সভা শুরু হবে।
গ্রেড-সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।