বেতনবৈষম্য নিরসন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নতুন বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং ক্যাডার ও নন-ক্যাডার ‘বৈষম্য’ নিরসনসহ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি বিসিএস ক্যাডারের কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার এই স্মারকলিপি দিতে গিয়ে কয়েক শ কর্মকর্তা সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা রাজধানীর ফার্মগেটের পুলিশ বক্সের সামনে অবস্থান নেন। এ কারণে ওই এলাকার পশ্চিম পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল অফিস খোলা ছিল। কর্মকর্তারা অফিস রেখেই আন্দোলন কর্মসূচিতে যোগ দেন।
অন্যদিকে আন্দোলনকারীদের সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া বক্তব্যে শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে গতকাল অর্থমন্ত্রী ও শিক্ষাসচিবকে চিঠি দেওয়া হয়েছে।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক ও ২৬টি বিসিএস ক্যাডারভুক্ত কয়েক শ কর্মকর্তা কালো ব্যাজ পরে গতকাল সকাল ১০টা থেকে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন। তাঁরা সাড়ে ১০টায় সেখান থেকে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেন। মিছিল থেকে ‘অযৌক্তিক বেতনকাঠামো মানি না’, ‘ক্যাডার-নন-ক্যাডার বৈষম্য মানি না’, ‘আমলাতন্ত্র নিপাত যাক’, ‘বঙ্গবন্ধুর বাংলায় পেশাজীবীরা রাস্তায়’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। মিছিলটি ফার্মগেটের পুলিশ বক্সের সামনে এলে পুলিশ তা আটকে দেয়।
পরে আন্দোলনকারীদের মধ্য থেকে মাহমুদ হাসান, ফিরোজ খান, আব্দুস সবুর, ইকবাল আর্সলান, মোবারক আলী, স. ম. গোলাম কিবরিয়াসহ একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যায়। বেলা সাড়ে ১১টায় প্রতিনিধিদলটি স্মারকলিপি দিয়ে ফিরে আসার পর কর্মকর্তারা রাস্তা ছেড়ে দেন। ওই এলাকায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয়।
অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ: এদিকে বেতনবৈষম্যের প্রতিবাদে আন্দোলনকারীদের বিরুদ্ধে দেওয়া অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা। গতকাল মিছিল শুরু হওয়ার আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
কয়েক দিন ধরে চলা আন্দোলনের মধ্যেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বেতনকাঠামো পরিবর্তনের সুযোগ নেই, শিক্ষক ও ব্যাংকারদের আন্দোলন ‘অযৌক্তিক’।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতিগুলোর জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, ‘সন্দেহ করা হচ্ছে যে আমলারা যড়যন্ত্র করছেন, এর অংশ হতে পারেন অর্থমন্ত্রী। তা না হলে কেন অর্থমন্ত্রী বারবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপমান করে কথা বলবেন?’
মাকসুদ কামাল আরও বলেন, দাবি পূরণ ছাড়া তাঁরা কোনোভাবেই তাঁদের অবস্থান থেকে সরে আসবেন না। বরং অর্থমন্ত্রীর এই বক্তব্য আন্দোলনকে আরও উসকে দেবে। এসব বিষয় নিয়ে তিনি অর্থমন্ত্রী ও শিক্ষাসচিবকে চিঠি দিয়েছেন।