বেতনবৈষম্য নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম​ প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষকনেতারা
চট্টগ্রাম​ প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষকনেতারা

বেতনবৈষম্য নিরসন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের বিভিন্ন সরকারি কলেজের সামনে শিক্ষকেরা মানববন্ধন করেছেন। পরে একই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে শিক্ষক নেতারা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মো. শাহ আলমগীর। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী সদস্য জহিরুল হক, সদস্য ইদ্রিস আলী, আবদুল আলীম, জাহেদুল হক প্রমুখ।
এক প্রশ্নের জবাবে শিক্ষক নেতারা বলেন, আগে যেখানে শিক্ষকেরা তৃতীয় গ্রেড পর্যন্ত যেতে পারতেন, সেখানে এখন চতুর্থ গ্রেডে এসে তাঁদের থেমে যেতে হবে। এর ফলে বোর্ড চেয়ারম্যান, পাঠ্যপুস্তক বোর্ডের পরিচালক, মহাপরিচালক পদে শিক্ষকেরা যেতে পারবেন না। ওই সব পদে তখন প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, পে-স্কেলের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যরা বৈষম্য ও অবনমনের শিকার হয়েছেন। পে-স্কেলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে বেতনবৈষম্য নিরসনের দাবিকে বিবেচনায় না এনে অধ্যাপক পদের বেতন স্কেল ও গ্রেড অবনমন করা হয়েছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করায় প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকসহ শিক্ষা ক্যাডারের সর্বস্তরে বেতনবৈষম্য বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঘোষিত পে-স্কেল অতীতের যেকোনো পে-স্কেলের তুলনায় শিক্ষকদের জন্য বৈষম্যমূলক, অপমানজনক। প্রভাষক পদে পাঁচ বছরে প্রথম পদোন্নতির কথা থাকলেও ১০ থেকে ১২ বছর লেগে যায়। সে ক্ষেত্রে চার বছর পর কিছু শর্ত পূরণ করে সিলেকশন গ্রেডের মাধ্যমে নবম থেকে সপ্তম গ্রেডে বেতন-ভাতা প্রদান করা হয়। অন৵ পদগুলোর ক্ষেত্রেও একই বৈষম্যের শিকার হতে হবে। সিলেকশন গ্রেড না থাকলে শিক্ষকেরা বঞ্চিত হবেন।