বেতনবৈষম্য নিরসনের দাবি স্বাস্থ্য সহকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদমর্যাদা এবং বেতনবৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই দাবিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা শাখার কর্মকর্তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় সংবাদ সম্মেলন করে সমিতি। এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন রশিদ চৌধুরী, প্রচার সম্পাদক মঈনুল আহম্মদ আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সরকার তা বাস্তবায়ন করছে না। স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদাসহ বেতনবৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য দূর করতে স্বাস্থ্য সহকারীদের পদ ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৩১ মার্চের মধ্যে বেতনবৈষম্য নিরসনের সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।