বেতনবৈষম্য নিরসনের দাবি স্বাস্থ্য সহকারীদের
পদ পরিবর্তন ও বেতনবৈষম্য নিরসনের দাবিতে গতকাল শুক্রবার স্বাস্থ্য সহকারীরা সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির আয়োজনে সারা দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: প্রধানমন্ত্রীর ঘোষণা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ মোতাবেক স্বাস্থ্য সহকারীদের পদ পরিবর্তন, বেতনবৈষম্য দূরীকরণ ও ইনসার্ভিস ডিপ্লোমা কোর্স চালুর দাবিতে গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। স্বাস্থ্য সহকারী সমিতির জেলা শাখা এ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহসাধারণ সম্পাদক গোলাম কবির, সহমহিলা সম্পাদিকা জান্নাতুন নাহার প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, ৩১ মার্চের মধ্যে দাবিগুলো মানা না হলে ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
নীলফামারী: স্বাস্থ্য সহকারী সমিতির জেলা শাখা গতকাল বেলা ১১টার দিকে শহরের পুরাতন হাসপাতাল মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করে। এতে সংগঠনের সভাপতি আতাউর রহমান সভাপতিত্ব করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুকিত। বক্তব্যে বলা হয়, কৃষি, প্রাণিসম্পদ ও প্রাথমিক শিক্ষায় একই যোগ্যতার জনবলের বেতনকাঠামো ৩০ বছর আগে পরিবর্তন করা হলেও তাঁদের বেতনকাঠামোর পরিবর্তন হয়নি। তাঁদের কারিগরি প্রশিক্ষণের দাবিও উপেক্ষিত। তাঁরা দ্রুত বৈষম্য দূর করার দাবি জানান।
বিরামপুর (দিনাজপুর): গতকাল সকালে দিনাজপুর প্রেসক্লাবে স্বাস্থ্য সহকারী সমিতির জেলা শাখা ওই সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, সরকারি কর্মচারী হিসেবে পশু চিকিৎসায় কর্মরতরা ৩০ বছর আগে টেকনিক্যাল মর্যাদা পেয়েছেন, তাঁরা চিকিৎসাসেবায় থেকেও এ মর্যাদা পাননি। এতে তাঁরা পদমর্যাদাসহ বেতনবৈষম্যের শিকার হচ্ছেন। এতে সংগঠনের সভাপতি জুলফিকার আলী, জ্যেষ্ঠ সহসভাপতি শহীদ সুলতান, সহসভাপতি রবিশংকর দাস, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।