বেতনবৈষম্য নিরসনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ আশুলিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধিতে বৈষম্য দূরীকরণ, হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দুটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা গতকাল সোমবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ডিইপিজেড ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সংগত দাবি পূরণে ব্যবস্থা না নিয়ে পুলিশ লেলিয়ে দেয়। পুলিশের হামলায় কয়েকজন নারী শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হন।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা বলেন, লেনি ফ্যাশনস, লেনি অ্যাপারেলসসহ একই মালিকের তিনটি পোশাক কারখানা (তিনটি ইউনিট) এবং শাহীন ফ্যাশনস নামে অপর একটি কারখানার কয়েকজন শ্রমিক গতকাল কারখানায় এসে তাঁদের দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ দাবি মানতে অপারগতা প্রকাশ করলে উভয় প্রতিষ্ঠানের শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন। সকাল সাড়ে নয়টার দিকে লেনি ফ্যাশনস, লেনি অ্যাপারেলসসহ তিনটি কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। কর্তৃপক্ষ যুক্তিসংগত দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শাহীন ফ্যাশনসের শ্রমিকেরা কাজে যান।
লেনি ফ্যাশনস, লেনি অ্যাপারেলসসহ তিনটি কারখানার বেশ কয়েকজন শ্রমিক বলেন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলাকালে কারখানা ও ডিইপিজেড কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলে। কর্তৃপক্ষের কাছে তাঁরা লিখিতভাবে দাবি তুলে ধরেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস না দিয়ে কারখানা তিনটিতে ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। বেলা আড়াইটার দিকে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে একপর্যায়ে পুলিশ ও ডিইপিজেডের আনসার সদস্যরা একযোগে তাঁদের লাঠিপেটা শুরু করেন। এর প্রতিবাদ জানালে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠির আঘাতে ও কাঁদানে গ্যাসে অন্তত জন ১০ জন শ্রমিক আহত হন।
কারখানা তিনটির শ্রমিকেরা বলেন, তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধিতে বৈষম্য করা হয়েছে। চাকরি ছাড়লে অথবা চাকরিচ্যুত করা হলে মূল বেতনের সমান টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় না। অন্য কারখানার তুলনায় তাঁদের হাজিরা বোনাসও কম দেওয়া হয়। তাঁরা এসব দাবি পূরণসহ শ্রমিক ছাঁটাই বন্ধ এবং যানবাহন ভাতা বাড়ানোর পাশাপাশি শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবি জানান। কর্তৃপক্ষ দাবি না মানায় তাঁরা গতকাল কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।
শাহীন ফ্যাশনসের শ্রমিকেরা বলেন, বেশ কিছুদিন ধরে তাঁরাও বাৎসরিক বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণ না করায় তাঁরা কাজ বন্ধ করেন। পরে নিয়ম অনুসারে দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা কাজে যোগ দেন।
ঘটনার সময় আনসার সদস্যরা ডিইপিজেড এলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেন। ফলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মুঠোফোনে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আবদুস সোবহান বলেন, লেনি ফ্যাশনসের শ্রমিকদের দাবিগুলো নিয়মের মধ্যে পড়ে না। এ কারণে তা মানা যাচ্ছে না।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ইপিজেড এলাকা থেকে বের করতে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়া হয়েছে। শ্রমিকদের লাঠিপেটা করা হয়নি।