বেতনবৈষম্যের শিকার অনেক চিকিৎসক
স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া অনেক চিকিৎসক জাতীয় বেতন স্কেলের সুবিধা পাচ্ছেন না। অনেক উপজেলায় জাতীয় বেতন স্কেল অনুসরণ করা হচ্ছে, আবার কোনো কোনো উপজেলায় করা হচ্ছে না। এ নিয়ে বঞ্চিত চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।জাতীয় বেতন স্কেল ২০০৯-এর গেজেট অনুযায়ী, একজন এমবিবিএস ডিগ্রিধারী নিয়োগ পাওয়ার সময় একটি এবং বিএমডিসি থেকে অনুমোদন নেওয়ার বিষয়টি চাকরির যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকলে আরেকটি বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) পাবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারির লিখিত ও এপ্রিলের মৌখিক পরীক্ষার পর, স্বাস্থ্য অধিদপ্তর অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নির্বাচিত তিন হাজার ৫৫১ জন চিকিৎসককে গত এক থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়। তাঁদের মধ্যে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩ জন যোগ দিয়েছেন।যোগদানের এক মাস পর বেতনভাতার বিল তোলার সময় ঠাকুরগাঁও সদরে যোগ দেওয়া চিকিৎসকেরা জানতে পারেন, তাঁদের নিয়োগের সময় নিয়মানুযায়ী দুটি অগ্রীম বেতনবৃদ্ধি প্রদান করা হয়নি। বিষয়টি হিসাবরক্ষণ কর্মকর্তাকে জানানো হলে তিনি জানান, জাতীয় বেতন স্কেল ২০০৯ সালের গেজেটে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় অগ্রীম বেতনবৃদ্ধি প্রদান করা সম্ভব হচ্ছে না।চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গিতে যোগ দেওয়া চিকিৎসকদের অগ্রীম বেতনবৃদ্ধি প্রদান করা হয়েছে। এ ছাড়া নীলফামারী সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, মিঠাপুকুর, জয়পুরহাটের আক্কেলপুরসহ দেশের বিভিন্ন উপজেলায় অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা অগ্রীম বেতনবৃদ্ধিসহ বেতন পেয়েছেন। একই অধিদপ্তরের অধীনে একই নিয়োগে বেতনের ক্ষেত্রে দুই নিয়মে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া, নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও সদর উপজেলার এক চিকিৎসক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের বিধিমালা একই হওয়া উচিত। একই জেলার কোনো উপজেলায় চিকিৎসকদের অগ্রীম বেতনবৃদ্ধি প্রদান করা হয়েছে, আবার কোনো উপজেলায় হয়নি, এটা কাম্য নয়।এ বিষয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা লুৎফুল হক বলেন, ১৯৯৪ সালের ২২ জানুয়ারির গেজেটে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের প্রবেশ-পদের কর্মকর্তাদের উচ্চতর প্রারম্ভিক বেতন প্রদান-সম্পর্কিত বিধান উল্লেখ থাকলেও অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তাই তাঁদের অগ্রীম বেতনবৃদ্ধি প্রদান করা যাচ্ছে না। বিষয়টি প্রধান হিসাবরক্ষণ কার্যালয়কে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে বিষয়টি সমন্বয় করে নেওয়া হবে।