বেতনভাতা উত্তোলনে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাম্বুশ’ সিল (সংশ্লিষ্ট উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ের নাম খোদাই করা সরকারি নিরাপত্তা সিল) না থাকায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার চার শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাসিক বেতনভাতা ও সরকারি বিভিন্ন কাজের বিল উত্তোলনে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের দিকে জুড়ী উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। কিন্তু এখানকার হিসাবরক্ষণ কার্যালয়ের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলাদা অ্যাম্বুশ সিল সরবরাহ করেনি। ফলে জুড়ীর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও সরকারি অন্যান্য কাজের বিল পাসের জন্য কুলাউড়া উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হয়। বিল অনুমোদনের পর ওই উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করতে হয়। জুড়ীতে উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৩৯ জন। জুড়ী থেকে সড়কপথে কুলাউড়ার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। নাম প্রকাশ না করার শর্তে জুড়ীতে কর্মরত বিভিন্ন পর্যায়ের একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী ক্ষোভের সঙ্গে জানান, বেতনভাতা উত্তোলনের জন্য প্রতি মাসে দুই-তিনবার প্রয়োজনীয় কাজকর্ম ফেলে কুলাউড়ায় যেতে হয়। এতে তাঁরা ভোগান্তিতে পড়েন। জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত প্রথম আলোকে জানান, অ্যাম্বুশ সিল চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি। জুড়ীতে অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়ার হিসাবরক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান গত বৃহস্পতিবার জানান, শুধু অ্যাম্বুশ সিলের অভাবে জুড়ী কার্যালয়ের কার্যক্রম কুলাউড়া থেকে পরিচালনা করতে হচ্ছে। আলাদা সিল পাওয়া গেলে জুড়ী কার্যালয়ে লোকবল থাকত। এ ছাড়া ওই এলাকার সোনালী ব্যাংকের শাখা থেকে বেতনভাতা ও অন্যান্য বিল উত্তোলন করা যেত।