বেতনভুক্ত লোক দিয়ে বিএনপি বিকশিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের কমিটিগুলোকে নতুন করে পুনর্গঠন করতে হবে। দলের তৃণমূল নেতাদের কমিটিতে স্থান দিয়ে দলকে ঢেলে সাজাতে হবে। বেতনভুক্ত লোক দিয়ে বিএনপির নেতৃত্ব বিকশিত করা যাবে না। গতকাল মঙ্গলবার কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের ব্যানারে বিএনপির নেতাদের উদ্যোগে ওই গণসংবর্ধনার আয়োজন করা হয়। বিকেল চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের আহ্বায়ক ও সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌর বিএনপির সভাপতি শাহ আলম মজুমদারের সভাপতিত্বে ওই গণসংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া, মো. ইউনুস, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ আকবর ও সৈয়দ জাহাঙ্গীর আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির আহমেদ প্রমুখ। গণসংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মনিরুল হক বলেন, ‘কুমিল্লাবাসীর রায়কে আমি সম্মান দেব। দলের দীর্ঘদিনের পদবঞ্চিতদের মূল্যায়ন করব।’