বেতনের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে সর্বসাকল্যে বেতন নির্ধারিত হয়েছিল ৫৩ হাজার ৭১০ টাকা। কিন্তু প্রতি মাসে তিনি তুলেছেন ৮৮ হাজার ৯৬০ টাকা। আড়াই বছরে তিনি এভাবে বেতনের চেয়ে অতিরিক্ত ১০ লাখ টাকা তুলে নিয়েছেন।বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) সাবেক মহাব্যবস্থাপক (জিএম) নাসিম আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তদন্তে সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা ফেরত চেয়ে তাঁকে চিঠি দেন। কিন্তু নাসিম আহমেদ টাকা ফেরত না দেওয়ায় আদালতে মামলা করে কর্তৃপক্ষ। অতিরিক্ত বেতন তোলা ছাড়াও তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের সংরক্ষিত বইয়ে নিবন্ধন না করে প্রায় ছয় লাখ টাকার দুগ্ধ জাতীয় পণ্য সৌজন্যমূলকভাবে প্রদানের অভিযোগ আছে। তিনি ব্যবস্থাপনা কমিটির অনুমতি না নিয়েই কর্মকর্তা-কর্মচারীদের ৩২ লাখ ১২ হাজার ৯০০ টাকা অগ্রিম দিয়েছেন। এ বিষয়েও অডিট-আপত্তি উঠেছে। মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির দাবি, ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর নাসিম আহমেদকে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তাঁর বেতন নির্ধারিত হয় সর্বসাকল্যে ৫৩ হাজার ৭১০ টাকা। চুক্তিপত্রে বেতন-ভাতাদি বাড়ানোর কথা ছিল না। ২০০৯ সালের ২ ডিসেম্বর নতুন বেতন স্কেলসম্পর্কিত গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হলেও চুক্তি ও খণ্ডকালীন নিযুক্ত ব্যক্তিদের জন্য এই বিধান প্রযোজ্য হবে না বলে জানানো হয়। কিন্তু নাসিম তাঁর আগের চুক্তির কোনো রকম পরিবর্তন বা বেতন পুনর্নির্ধারণ না করেই মাসে ৮৮ হাজার ৯৬০ টাকা করে তুলতে থাকেন।অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য গত ২৬ মে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটি। কমিটি তিন সদস্যের একটি উপকমিটি করে শুধু বেতন-ভাতার বিষয় তদন্ত করতে বলে। উপকমিটি অভিযোগ সত্য বলে প্রতিবেদন দেয়। তদন্ত কমিটির আহ্বায়ক ও মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ৪ জানুয়ারি একটি দাপ্তরিক আদেশ জারি করে নাসিম আহমেদ অতিরিক্ত বেতন তোলাকে নিজেই বৈধতা দেন। মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসিব খান প্রথম আলোকে বলেন, তদন্তের পর সর্বসম্মতিক্রমে এই টাকা আদায়ের জন্য নাসিম আহমেদকে চিঠি দেওয়া হয়। তিনি টাকা ফেরত না দেওয়ায় মামলা হয়েছে।জানতে চাইলে নাসিম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘২১ মাস আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করেছি। কিন্তু ২১ মিনিটও শান্তি পাইনি। দুর্নীতিবাজ একটি চক্র সব সময়ই ওই প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমার সময় সর্বোচ্চ মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু নতুন ব্যবস্থাপনা কমিটি এসে আমাকে চাকরিচ্যুত করে। এখন আবার তারা আমার বিরুদ্ধেই অপবাদ দিচ্ছে।’অতিরিক্ত বেতন নেওয়ার বিষয়ে নাসিম আহমেদ বলেন, ‘চুক্তির সময় আমাকে যে বেতন দেওয়ার কথা ছিল, সেই বেতন দেওয়া হয়নি। আমি সে সময় সর্বসাকল্যে এক লাখ টাকা বেতন চেয়েছিলাম। কিন্তু তারা আমার মূল বেতন ধরে ৩২ হাজার টাকা। সরকারি বেতন বৃদ্ধির গেজেট হওয়ার পর তারা আবার আমার মূল বেতন ৫৬ হাজার টাকা ধরে সর্বসাকল্যে ৮৮ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করেন। এখন আমি এ ব্যাপারে আদালতে লড়ব।’