মূল বেতন থেকে অবসর ও কল্যাণ খাতে আরও ৪ শতাংশ কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন সম্মিলিত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা। গতকাল শুক্রবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা আহ্বায়ক মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক। এতে বলা হয়, গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন থেকে অবসর ও কল্যাণ খাতে আরও ৪ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে শিক্ষক-কর্মচারীরা শুধু ব্যথিতই নন, ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন। বক্তারা বলেন, তাঁরা দুই যুগ ধরে কল্যাণ খাতে মূল বেতনের ২ শতাংশ ও অবসর খাতে ৪ শতাংশ চাঁদা দিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান শিক্ষক-কর্মচারীরা।