বেতনের জন্য পরীক্ষার হলে ছাত্রীকে দাঁড় করিয়ে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন পরিশোধ না করে পরীক্ষায় অংশ নিতে আসায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিশিক্ষক পরীক্ষার হলে ১০ মিনিট দাঁড় করিয়ে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম সাদিয়া খানম। এ ঘটনায় তাঁর মা তাহরিমা নাসরিন গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি পাশের জেলা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামে। গত রোববার দুপুরে সাদিয়া খানম বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ে আসে। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়, কিন্তু শ্রেণিশিক্ষক নাছিমা আক্তার বেতন বকেয়া থাকায় তাকে পরীক্ষার হলে ১০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। শাস্তি শেষ হওয়ার পর সে পরীক্ষা দিতে শুরু করে। পরীক্ষা শেষ হওয়ার পর ওই শিক্ষক বকেয়া বেতন না নিয়ে এলে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বলে সাদিয়া খানমকে জানিয়ে দেন।

সহকারী শিক্ষক নাছিমা আক্তার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘কারা উপবৃত্তি পায় আর কারা পায় না, তা জানতে পরীক্ষা শুরুর আগে আমি শিক্ষার্থীদের দাঁড়াতে বলেছিলাম। ১০ মিনিট দাঁড় করিয়ে রাখা ও বেতন না নিয়ে এলে পরীক্ষা দেওয়া যাবে না, এমন কিছু বলা হয়নি। আমার বিরুদ্ধে অপবাদ রটানো হচ্ছে।’

এ বিষয়ে ইউএনও মো. মামুন খন্দকার বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।