বেতনের টাকা না দেওয়ায় স্ত্রীর মাথা ফাটালেন স্বামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি রড দিয়ে পিটিয়ে তাঁর স্ত্রীকে জখম করেছেন। স্ত্রী জুলেখা পারভীনের অভিযোগ, বেতনের টাকা রেজাউলের হাতে তুলে না দেওয়ায় তিনি (রেজাউল) তাঁকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে মাগুরা শহরের ভায়না শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
তবে রেজাউল ইসলাম বলেছেন, জুলেখা বেগম পরকীয়ায় জড়িয়েছেন। এই নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়েছে।
ঘটনার পর জুলেখাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিত্সাধীন জুলেখা পারভীন প্রথম আলোকে বলেন, তিনি পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী। তাঁর স্বামী রেজাউল ইসলাম ফরিদপুর হিসাবরক্ষণ কার্যালয়ে কর্মরত আছেন।
জুলেখা বলেন, ২৮ বছর আগে রেজাউল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রতি মাসে চাকরির বেতন হাতে তুলে দিতে চাপ সৃষ্টি করতেন রেজাউল। এমনকি মারধরও করতেন। তাঁদের চারটি মেয়েসন্তান আছে। মেয়েসন্তান জন্ম দেওয়ায় তাঁকে নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি।
জুলেখা বলেন, গতকাল রাতে টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করেন রেজাউল। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা করবেন বলে জানান তিনি।
জুলেখার ভাই মো. সাহেব আলী বলেন, ‘রেজাউল প্রায়ই আমার বোনকে নির্যাতন করেন। দুই বছর আগে একবার আমাদের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য রেজাউল জুলেখার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় জুলেখা। তখন পারিবারিকভাবে সুরাহার চেষ্টা করলেও এবার আমরা রেজাউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করব।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজাউল ইসলাম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িত। এ কারণে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া মারামারি পর্যন্ত গড়ায় বলে স্বীকার করেন তিনি। তবে মূলত পরকীয়ায় বাধা দেওয়ায় জুলেখা এই মিথ্যাচার করছেন বলে তিনি দাবি করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। মহিলা পরিষদের পক্ষ থেকে আমরা আগামীকাল সোমবার হাসপাতালে গিয়ে শিকার জুলেখা পারভীনের সঙ্গে কথা বলব। এর ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’