বেতনের টাকা বাকি থাকায় পরীক্ষা দিতে দিলেন না শিক্ষকেরা
বেতনের টাকা বাকি থাকায় প্রবেশপত্র আটকে রেখে পাবনার ঈশ্বরদী উপজেলার ‘দারতু তাকুয়া ক্যাডেট মাদ্রাসা’ কর্তৃপক্ষ এক ছাত্রীকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (ইবতেদায়ি) অংশ নিতে দেয়নি। এ ব্যাপারে মেয়েটির বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের দিনমজুর মতিয়ার রহমানের মেয়ে সানজিদা জাহান ওই মাদ্রাসা থেকে ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে। মতিয়ার রহমান অভিযোগ করেন, আর্থিক সংকটের কারণে পরীক্ষার ফরম পূরণের সময় মাদ্রাসার বেতনের কিছু টাকা বাকি ছিল। এই টাকা পরে পরিশোধ করবেন বলে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার প্রবেশপত্র আসার পর মাদ্রাসা থেকে সানজিদার প্রবেশপত্র দেওয়া হয়নি। ফলে গত বুধবার থেকে শুরু হওয়া ইবতেদায়ি পরীক্ষায় তাঁর মেয়ে অংশ নিতে পারেনি।
সানজিদা জানায়, সে গত মঙ্গলবার মাদ্রাসায় প্রবেশপত্র আনতে গেলে শিক্ষক মালেক তাকে বলেন, ‘অধ্যক্ষ তোমাকে পরীক্ষা দিতে নিষেধ করেছেন। বেতনের টাকা পরিশোধ না করলে তোমার প্রবেশপত্র দেওয়া হবে না।’ এ কথা শুনে সানজিদা বাড়ি চলে যায়। এরপর তার বাবা মাদ্রাসার অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের অনুরোধ করলেও তাঁরা কেউ প্রবেশপত্র দিতে রাজি হননি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মডেল টেস্টে ফলাফল খারাপ হওয়ায় প্রতিষ্ঠানের দুর্নাম হবে ভেবে আমরা তাকে পরীক্ষা দিতে নিষেধ করেছিলাম। মাদ্রাসার উপদেষ্টাদের পরামর্শে আমরা তাকে প্রবেশপত্র দিইনি।’
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সকালে সানজিদার বাবা ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও আনোয়ার হোসেন জানান, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখার নিয়ম নেই। ঘটনাটি তদন্ত করে তিনি ব্যবস্থা নেবেন।