১০ মাস ধরে বেতন না পাওয়ায় সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল রোববার সকালে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে তাঁকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। চার ঘণ্টা পর অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে পুলিশ। বেতনের দাবিতে প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশিক্ষণ বিরতির কর্মসূচি ঘোষণা করায় কেন্দ্রের তিন শতাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষকসহ ৪৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করা হয় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একটি প্রকল্পের মাধ্যমে। প্রকল্প অনুযায়ী লোকবলের চাকরির মেয়াদ ছিল ২০০৯ সালের জুন পর্যন্ত। পরবর্তীকালে শ্রম মন্ত্রণালয়ের আর্থিক থোক বরাদ্দসাপেক্ষে প্রকল্পের মেয়াদ ২০০৯-২০১০ অর্থবছর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু গত বছরের জুন থেকে প্রশিক্ষকসহ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। বেতন বকেয়া থাকায় প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সকালে পাঠদান বর্জন করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে তাঁকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’