প্রধান শিক্ষক নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা গত নভেম্বর থেকে বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে ৭ মার্চ থেকে তাঁরা আংশিক কর্মবিরতি পালন করছেন। এর অংশ হিসেবে বিদ্যালয়টিতে দিনে একটি করে ক্লাস নেওয়া হচ্ছে।
এই অবস্থায় গত সোমবার শিক্ষার্থীর অভিভাবকেরা শিক্ষকদের কাছে গিয়ে ক্লাস নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার থেকে প্রতিদিন দুটি করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।
কর্মবিরতি পালন কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম চৌধুরী গতকাল বলেন, গত নভেম্বর থেকে স্কুলের এমপিওভুক্ত ১৬ শিক্ষক ও কর্মচারী বেতন পাচ্ছেন না। পাশাপাশি খণ্ডকালীন ১৭ জন শিক্ষক ও কর্মচারীও বেতন পাচ্ছেন না। আগামী সাত দিনের মধ্যে বেতন না পেলে আবারও একটি করে ক্লাস নেওয়া হবে।
কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রুত এর নিষ্পত্তি করা দরকার।
বিদ্যালয়টির শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান মিয়ার ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাওয়ার কথা ছিল। এর আগে একই বছরের ২২ ফেব্রুয়ারি তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাছে চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। এতে তিনি সরকারি বেতন বাদে শুধু বিদ্যালয়ের বেতনে প্রধান শিক্ষক হিসেবে থাকতে চান। এ নিয়ে ২৯ ফেব্রুয়ারি ব্যবস্থাপনা কমিটির সভা হয়। সেখানে ফজলুর রহমানের মেয়াদ বৃদ্ধি না করার সিদ্ধান্ত হয়। এরপর ব্যবস্থাপনা কমিটি চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগ করতে সম্মত হয়েছে—দাবি করে কাগজপত্র দেখিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তিনি মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বোর্ড থেকে তাঁর মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়। বোর্ড পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে সহকারী প্রধান শিক্ষকের কাছে তাঁকে দায়িত্ব হস্তান্তর করতে বলে। তা না করে ফজলুর রহমান মেয়াদ বাড়ানোর জন্য উচ্চ আদালতে রিট আবেদন করেন। এরপর তাঁর মেয়াদ বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে ব্যবস্থাপনা কমিটির একজন অভিভাবক সদস্য উচ্চ আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ অক্টোবর আদালত বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক পদ স্থগিত করার নির্দেশ দেন। এরপর গত নভেম্বর থেকে প্রধান শিক্ষক হিসেবে ফজলুর রহমানের স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের বেতনের অনুমতি দিচ্ছেন না জেলা শিক্ষা কর্মকর্তা। বেতন না পাওয়ায় ৭ মার্চ থেকে আংশিক কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষক ও কর্মচারীরা। এদিন থেকে শিক্ষার্থীদের একটি ক্লাসের পর ছুটি দেওয়া হচ্ছে।
জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বিদ্যালয়টির স্থগিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল হক বলেন, প্রধান শিক্ষকের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে হাইকোর্ট পাল্টাপাল্টি মামলা হয়েছে।
ফজলুর রহমান মিয়া বলেন, ‘হাইকোর্ট রিট করেছি। কোর্ট যা সিদ্ধান্ত দেবেন, আমি তা মেনে নিব।’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষকের বৈধতা না থাকায় বেতনে সই করা যাচ্ছে না। তবে বিষয়টি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি।’