বেতনের দাবিতে করা সড়ক অবরোধ প্রত্যাহার

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকার সাভারের আব্বাস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে স্থানীয় সাংসদ এনামুর রহমানের আশ্বাসের ভিত্তিতে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এতে ঢাকা থেকে আরিচাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সাভারের আড়াপাড়ায় অবস্থিত আব্বাস অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানা। কারখানাটির ৬৫০ জন শ্রমিকের মধ্যে কারও তিন মাস, কারও দুই মাস ধরে বেতন বাকি। বেতন পরিশোধের জন্য মালিকপক্ষ আটবার শ্রমিকদের নিয়ে সভা করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু এরপর থেকে কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকার একপাশ অবরোধ করে রাখেন শ্রমিকেরা। পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু তাঁরা বেতন ছাড়া রাস্তা ছাড়বেন না বলে দাবি করেন। শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। এ সময় আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আগামী রোববার তাঁদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। তাঁর এমন আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।
এর আগে আন্দোলনরত শ্রমিক পলি সাহা বলেন, ‘মালিকপক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়ার পরও আমাদের বেতন পরিশোধ করা হয়নি। বেতনের দাবিতে আমরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছি।’
সড়ক অবরোধের পরপরই কথা হয় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের সঙ্গে। তিনি বলেছিলেন, ‘শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’